ভারতের বিশ্বকাপজয়ী দুই সাবেক অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনির কাছে ক্ষমা চেয়েছেন যুবরাজ সিং। অবশ্য নিজের জন্য নয়, বাবা যোগরাজ সিংয়ের আপত্তিকর মন্তব্যের জন্য প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন সাবেক এই বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। সম্প্রতি এক পডকাস্টে যুবরাজ জানিয়েছেন, বাবার এসব মন্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
ধরেই কপিল এবং ধোনিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে আসছেন যুবরাজের বাবা যোগরাজ। এ নিয়ে এতদিন চুপ ছিলেন যুবরাজ। ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাকের’ পডকাস্টে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমি কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির কাছে এসব মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি বাবাকে বলেছি, এটা মোটেও ঠিক হয়নি।’

যোগরাজের দাবি, কপিলের জন্য তার (যুবরাজ) ক্রিকেট জীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ধোনির জন্য যুবরাজের আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে। বাবার সাক্ষাৎকারগুলো শোনার সময় অত্যন্ত অস্বস্তি বোধ করেন বলেও জানিয়েছেন এই যুবরাজ।
ভারতের এই বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘কপিল দেব গ্রেট ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন। তার সঙ্গে আমার বাবার ঠিক কী সমস্যা ছিল, তা আমার জানা নেই। আর ধোনির সঙ্গে আমি নিজে খেলেছি, তার সঙ্গে আমার সম্পর্ক কেমন, তা সব সময়ই প্রকাশ করেছি। কিন্তু বাবা তাঁর সম্পর্কে যা বলেছেন—আমি তাকে বলেছি, “এটা একদমই ঠিক নয়।” যেহেতু আমি ধোনির সঙ্গে খেলেছি, তাই এসব কথা আমার ওপরও প্রভাব ফেলে।’
যুবরাজ আরও বলেন, ‘আমি বাবাকে বলেছি, কারণ যা–ই হোক না কেন, তিনি যদি এসব কথা বলা বন্ধ করেন, তবে আমি খুশি হব। আমি আন্তরিকভাবে তাদের দুজনের (কপিল ও ধোনি) কাছে ক্ষমা চাইছি।’

