সাভারে মহাসড়কের পাশে গরুর হাট

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:০৩

অনুমোদন দেয়নি জেলা প্রশাসন, ব্যবস্থা

নেওয়ার দাবি পৌর কর্তৃপক্ষের

 ইত্তেফাক রিপোর্ট

সাভারে নিয়মনীতির তোয়াক্কা না করেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ গরু-ছাগলের হাট। গতকাল মঙ্গলবার এক পত্রের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উলাইল বাসস্ট্যান্ডের অদূরের ওই হাটের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। কিন্তু অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী মহল সেখানে হাট বসিয়ে এলাকায় মাইকিং শুরু করে। এদিকে গতকাল পৌর ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদনহীন অবৈধ এ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের হাট অপসারণ ও স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পত্র দিয়েছেন সাভার পৌরসভার মেয়র হাজি মো. আবদুল গনি। লিখিত আবেদন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ বছর সাভার পৌরসভাকে কোথাও অস্থায়ী কোরবানির পশুর হাট স্থাপনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। কিন্তু পৌর এলাকার উলাইল বাজারের সন্নিকটে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ‘ডিপজলের কোয়ার্টার মাঠে’ পৌর কর্তৃপক্ষের ইজারা বা অনুমোদন ছাড়াই কতিপয় অসাধু ব্যক্তি কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের হাট অবৈধভাবে স্থাপন এবং পরিচালনা করছে।

সাভার পৌরসভার মেয়র হাজি আবদুল গনি বলেন, আমরা প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে গরু-ছাগলের হাট ইজারা দিয়ে থাকি। এবারও একই নিয়মে দরপত্র আহ্বান করা হলেও প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত মূল্যের কোনো ইজারাদার পাওয়া যায়নি। তাই দ্বিতীয় দফায় আবারও দরপত্র আহ্বান করা হয়। যেখানে কোনো দরপত্রই পড়েনি। নিয়ম অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে নির্ধারিত স্থানে হাট পরিচালনার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেখানে হাট স্থাপন করা হয়নি। এ সময় তিনি অভিযোগ করেন, কতিপয় অসাধু লোক পৌরসভার হাটের নির্ধারিত স্থানে অনুমোদন ছাড়াই হাট পরিচালনা করছে; যা অপসারণের জন্য পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে।  

সরেজমিন সাভারের উলাইল এলাকায় গিয়ে দেখা যায়, কোনো রকম অনুমোদন ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে যে স্থানে গরুর হাট বসানো হয়েছে তা জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে। এছাড়া গরুর গাড়িগুলো রাস্তার পাশে দাঁড় করিয়ে গবাদিপশু উঠানামা করানোর ফলে মহাসড়কে যান চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে। হাটটির ইজারাদার সাইফুল ইসলাম সুমন বলেন, মাইকে প্রচার করা হলেও কে বা কারা তাদের ইজারা দিয়েছে, সে বিষয়ে জানতে কথিত ইজারাদার সাইফুলকে খুঁজে পাওয়া যায়নি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, সাভার উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারে কোনো গরুর হাটের অনুমোদন দেওয়া হয়নি। উলাইল এলাকায় অবৈধভাবে যে হাটটি পরিচালনা করা হচ্ছে, তা আজ বুধবারের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হবে।