মুন্সীগঞ্জ প্রতিনিধি
টঙ্গিবাড়ী উপজেলার কাইচ মালধা ওয়াহেদ আলী হাওলাদার মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. কাওসার হামিদের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলাটির ভিটিমালধা গ্রামের দুই শিক্ষার্থী অভিযোগ করেছেন মাদ্রাসাটিতে অধ্যয়নরত অবস্থায় কাওসার হামিদ তাদের শারীরিক শাস্তি, চুলে ধরে টানাহেঁচড়া, পিতা-মাতার নাম ধরে বকাবাজি, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। কোনো ছাত্রী প্রতিবাদ করলে তার নামে অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করতেন। এমনকি মাদ্রাসা সুপার তার বাসাবাড়ির বিভিন্ন রকম সাংসারিক কার্যাদি করাতেন শিক্ষার্থীদের দিয়ে। এছাড়া ঐ ছাত্রীদের অভিযোগ, উপবৃত্তির টাকা তাদের দ্বারা উত্তোলন করাতেন। পরে অর্ধেক টাকা দিতেন এবং বাকি টাকা নিজে নিয়ে নিতেন। ছাত্রীরা আরো অভিযোগ করে—আমাদের কমিটি কৃর্তক নির্ধারিত খাবারের স্থলে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানিয়েছেন, সোমবার অভিযোগটি পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানিয়েছেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী তার কাছে এসেছিলেন। নির্মম ঘটনার বর্ণনা করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগ থেকেও তদন্ত চলছে। এছাড়া এই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এর বাইরেও অভিযোগ রয়েছে যা তদন্তাধীন। তবে মাদ্রাসা সুপার মো. কাওসার হামিদ সব অভিযোগ অস্বীকার করেছেন।
