রূপগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে ওয়ারেন্টভুক্ত আসামির পানিতে ডুবে মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:০৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে লিটন (৩০) নামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পানিতে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ময়লা পানির ডোবায় ঘটে এ ঘটনা। লিটন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিটন এক জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। লিটন দুপুরে চনপাড়া এলাকায় অবস্থান করছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আল-মামুনসহ একদল পুলিশ লিটনকে গ্রেফতার করতে অভিযান চালায়। এ সময় লিটন দৌড়ে পালাতে গিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ময়লা পানির ডোবায় লাফ দেয়। এতে লিটন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একদল ডুবুরি প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকালে লিটনের লাশ উদ্ধার করে। এ বিষয়ে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আল-মামুন বলেন, কয়েক দিন আগেও লিটনকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যায়। গতকাল পুলিশ দেখামাত্রই দৌড়ে ডোবায় লাফ দেয়। লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।