ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। একইসঙ্গে এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই শিশু হলো: আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল চুরির সন্দেহে শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক ধরে এনে একটি পুকুরপাড়ে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদের মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় জনমনে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাসুমকে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মাসুমসহ পাঁচ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

