সাধারণত বছরের এই ব্যস্ত সময় পার করে ঘরোয়া ক্রিকেট। তবে চলতি বছর এখনো শুরুই হয়নি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ফলে লিগ মাঠে না গড়ানোয় আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক ক্রিকেটার। এই অচলাবস্থা দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তাই ডিপিএল শুরুর লক্ষ্যে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে আগামী বুধবার প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী সব ক্লাব ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ডিপিএল শুরুর সম্ভাব্য সূচি এবং লিগ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক লিগ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে বিসিবি। প্রতিবছর এই লিগ থেকেই অনেক ক্রিকেটারের আয়ের বড় একটি অংশ আসে। জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য এটি অন্যতম প্রধান উপার্জনের উৎস।
এর আগে, মাঠে ক্রিকেট ফেরানোর দাবিতে গত ১ এপ্রিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। কোয়াবের সেই আহ্বানের পরই বিসিবির পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা এসেছে। তবে বিসিবির ডাকা এই বৈঠকে বিদ্রোহী ক্লাবগুলো অংশ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
