কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দাউদকান্দি অংশের ১৫ কিলোমিটার যানজটে স্থবির হয়ে আছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটা থেকে এই যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ দুপুর পৌনে ১২টায়ও একই পরিস্থিতি ছিল।
সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের দাউদকান্দির গাজীপুরে কথা হয় নোয়াখালী সদর উপজেলার মোশারফ হোসেন ও মাহবুবুন নবির সঙ্গে। তাঁরা রাত তিনটায় নোয়াখালী থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাসে ওঠেন। পথে ভোর ছয়টায় দাউদকান্দির গাজীপুরে এসে যানজটে আটকা পড়েন। দুই শিক্ষার্থী জাপানে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। আজ শনিবার বেলা ১টা ১৫ মিনিটে তাঁদের ফ্লাইট। যানজটে আটকে দুই শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আজ সকাল নয়টার দিকে দাউদকান্দির বিশ্বরোড এলাকায় যানজটে আটকে নোয়াখালী সদরের ব্যবসায়ী আবির হাসান থেকে জানান, মেয়ে মায়মুনা হাসান ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী। মেয়েকে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়ে পথে তিন ঘণ্টার যানজটে আটকা আছেন। তবে কখন ঢাকায় পৌঁছাতে পারবেন, জানেন না।
এদিন সকাল ১০টার দিকে দাউদকান্দির পূর্ব পেন্নাই এলাকায় যানজটে আটকে থেকে ঢাকা থেকে চাঁদপুরগামী মতলব এক্সপ্রেস বাসের চালক জাহিদ হাসান ও বাসের যাত্রী মাওলানা সোহেল রানা জানান, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে ৫০ মিনিটের মহাসড়ক তিন ঘণ্টায় পৌঁছেছেন। উল্টো পথে যানবাহন চলাচল করার কারণে দাউদকান্দি অংশে পৌঁছে যানজটে আটকা পড়েন। এতে ২ ঘণ্টা ১০ মিনিট সময় অপচয় হয়েছে। যানজট এলাকা অতিক্রম করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছেন।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার পরিদর্শক মো. শাহ কামাল বলেন, ভোর চারটায় সোনারগাঁও উপজেলার মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে রেকার এনে এক ঘণ্টার মধ্যে কাভার্ড ভ্যানটি ওঠানোর পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কের দাউদকান্দি অংশের যানজট মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে।
দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, যানজট নিরসনে মহাসড়কে সকাল থেকে দায়িত্ব পালন করছেন। তবে কোনো কূলকিনারা পাচ্ছেন না তিনি। সকালে যানবাহনের চাপে যানজট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
