ময়মনসিংহে সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী মেয়ে 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৫৯

ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবার ধর্ষণের শিকার হয়ে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরী (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত সৎ বাবা আবদুল হেকিমকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভুক্তভোগীর মা বাদী হয়ে গত শুক্রবার রাতে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। শনিবার (০৪ এপ্রিল) সকালে অভিযুক্ত আবদুল হেকিমকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণ ও বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, তার প্রথম দুই স্বামী মারা যাওয়ার পর আবদুল হেকিমকে বিয়ে করেন। প্রতিবন্ধী মেয়েটি তার প্রথম স্বামীর সন্তান। সম্প্রতি তার মেয়ে নানা ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন হয়। পরে তাকে তিনি চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার মেয়ে অন্তঃসত্ত্বা।

পরে তিনি বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ইশারায় জানায় তার সৎ বাবা আবদুল হেকিম তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন। 

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আবদুল হেকিম ক্ষমা চাইলেও তার স্ত্রী বিষয়টি মেনে নিতে পারেননি এবং ন্যায়বিচারের দাবিতে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন মিয়া বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএসআর