ভিডিও ভাইরাল

মাদক বিক্রির অভিযোগে কিশোরের চুল কেটে দিলেন এলাকাবাসী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:১৮

ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক কিশোরকে মাথার চুল কেটে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে এই ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তোভোগী জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁচি দিয়ে এক যুবকের মাথার চুল কেটে দিচ্ছি এক ব্যক্তি। আর ঘটনার চারপাশ দিয়ে দাঁড়িয়ে চুল কাটার দৃশ্য দেখছেন উৎসুক জনতা। কেউ কেউ ঘটনার দৃশ্যটি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছেন।

ভাবুকদিয়া গ্রামের বাসিন্দারা অভিযোগ করে জানান, জুনায়েদ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর বারবার তাকে সতর্ক করার পরেও তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি ভাবুকদিয়া গ্রামে জুনায়েদের কাছে মাদক কিনতে আসেন। বিষয়টি স্থানীরা টের পেয়ে জুনায়েদকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা প্রকাশ্যে তার মাথার চুল কেটে দিয়ে প্রতিবাদ জানান।

ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি জানান, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে আর মাদক ব্যবসায় জড়াবে না বলে আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আটক মাদক ব্যবসায়ী জুনায়েদকে এভাবে চুল কেটে ছেড়ে না দিয়ে পুলিশে সোপর্দ করলে ভালো হতো বলে মনে করেন অনেকে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক ইত্তেফাক ডিজিটালকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। যদি সত্যতা পাওয়া যায় তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি