এবার ফরিদপুরের নগরকান্দায় দু’পক্ষের তুমুল সংঘর্ষ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। 

শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুই পক্ষের লোকজন মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় দুইপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, নগরকান্দার বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে পরপর দুদিন সংঘর্ষে জড়িয়েছে ৯টি গ্রামের মানুষ। এতে অন্তত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বেলা ১২টার পর সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

ইত্তেফাক/এপি