নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশের ওপর স্থিতাবস্থা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:১১

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধিতে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ অলীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়। এছাড়া শ্রম আইনের ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজ বোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, তথ্য সচিব, শ্রম সচিব এবং নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এ রিট করেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে এর সভাপতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আদালতের এ আদেশের ফলে ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা আপাতত আটকে গেল বলে জানান রিটকারীর আইনজীবী মো. ইউসুফ আলী। তিনি বলেন, দুই মাসের স্থিতাবস্থা জারির ফলে নবম ওয়েজ বোর্ডের সিদ্ধান্তটি যে পর্যায়ে আছে ঠিক সে পর্যায়েই থাকবে।