ঢাকা জেলার সাভার উপজেলায় এক নারী শ্রমিককে কাজের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ ও খুলনা রেলওয়ে থানায় এক নারীকে আটকে রেখে পাঁচ পুলিশ সদস্য পালাক্রমে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর এক লিখিত বিবৃতিতে তারা এ ক্ষোভ জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ সব নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। পাশাপাশি সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা।
