ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি জালিয়াতির ঘটনায় আরো ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না—এ মর্মে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভর্তি জালিয়াতির ঘটনায় গঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গত জানুয়ারিতে একই ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলে এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হলো।
গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তাদের সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের ৯১ শিক্ষার্থীর তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয় কর্তৃপক্ষ। এরআগে সিআইডির পক্ষ থেকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রেজিস্ট্রারের কাছে পাঠানো এক চিঠিতে এসব শিক্ষার্থীর বিস্তারিত তথ্য চায় সিআইডি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি জালিয়াতির ঘটনায় গঠিত শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক গোলাম রব্বানী ইত্তেফাককে বলেন, অভিযুক্তরা এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদেরকে শৃঙ্খলা কমিটির পরবর্তী সভায় স্থায়ী বহিষ্কার করা হতে পারে।
