হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া উড়তে থাকা একটি ড্রোন জব্দ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংবেদনশীল ‘রেড জোন’-এ এ ধরনের কার্যক্রমকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ড্রোনটি জব্দ করা হয়। রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে আটক করা হয়।
জব্দ করা ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক-৪ প্রো।
বেবিচক জানায়, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জব্দ করা ড্রোনটির ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ড্রোনটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রণে ছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

