রোগীর মৃত্যু

মাঝ আকাশে দরজা খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:৩৪

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তার সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ করা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এনএ