ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।
বোর্ড সূত্রে জানা গেছে, অনেক ক্রিকেটার অবসরের পর আর্থিক অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি বিস্তারিত কাঠামো প্রণয়ন করা হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পেনশন স্কিমের ধরন, উপকারভোগীর পরিধি এবং প্রদানের পরিমাণ নির্ধারণ করে প্রস্তাব তৈরি করবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু জানান, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে এবং গঠিত কমিটি আগামী বোর্ড সভায় পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে।
তিনি আরও বলেন, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের অন্তর্ভুক্ত করে একটি কার্যকর পেনশন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
