টেকনাফে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২২:৫৮

টেকনাফে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারী জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার হ্নীলা দরগা পাড়া সংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশের তিনজন কনস্টেবল আহত হয়।

জানা যায়, হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ ছৈয়তুরের পুত্র শহীদ। শনিবার হ্নীলা দরগা পাড়া সংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় ইয়াবা কারবারী দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। এসময় পুলিশের কনস্টেবল আজিজ, মেহেদী হাসান ও হেলাল আহত হয়। ঘটনাস্থল থেকে একজনের লাশ, তিনটি দেশিয় অস্ত্র, ১৮ রাউন্ড বুলেট, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, এ ঘটনায় হামলা, ইয়াবা ও অবৈধ অস্ত্রসহ পৃথক মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।