ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

নিজের গুম ও অমানুষিক নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে তিনি এই লিখিত অভিযোগ জমা দেন। তদন্তের স্বার্থে অভিযুক্ত সবার নাম এখনই প্রকাশ করা হয়নি।

মশিউর রহমান জানান, 

২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওই দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় তাকে ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর দু-একদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। 

অভিযোগ করে তিনি বলেন, ‘আমাকে টানা ছয় মাস অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি এখন হাঁটতে পারছি না। চিকিৎসার প্রয়োজনে এখন লন্ডনে থাকতে হচ্ছে। কারণ আমার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’

যুবদলের সাবেক এই নেতা বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই পরিষ্কার করতে পারছি না। এরই মধ্যে অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যারা আছেন, নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবেন। 

এ সময় শেখ হাসিনাসহ গুমের সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

ইত্তেফাক/এমএসআর