ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘কর্ণফুলী কমিউটার ট্রেনে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দের তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, জব্দ হওয়া এসব শাড়ির মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) ভারতীয় শাড়ি জব্দের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে এসব শাড়ি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আখাউড়া রেলওয়ে থানার ওসি এর নেতৃত্বে পুলিশের একটি দল কর্ণফুলী কমিউটার ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ১ হাজার ৮০ পিস শাড়ি জব্দ করে। জব্দ শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সর্বশেষ সোমবার জব্দ করা মালামাল উদ্ধার দেখিয়ে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় রোববার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়েছে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
