মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টারগুলো মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একতলা বিশিষ্ট এসব ভবনে একসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করলেও বর্তমানে সেগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই সুযোগে ভবনগুলো মাদকসেবন, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টারে কয়েকজন মাদক গ্রহণ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গজারিয়া থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
সরেজমিনে দেখা যায়,পরিত্যক্ত ভবনের দরজা-জানালাগুলো ভাঙা, দেয়ালের বিভিন্ন অংশ জরাজীর্ণ। প্রতিটি কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিগারেটের খালি প্যাকেট, ইয়াবাসহ বিভিন্ন মাদকের আলামত। এছাড়া নারীদের পোশাক ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পরিত্যক্ত এসব ভবন দীর্ঘদিন ধরে হাসপাতালের কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না। ফলে দিনরাত সেখানে মাদক ও জুয়ার আসর বসছে। এছাড়া অভিযোগ রয়েছে, ভবনের কক্ষগুলোতে অনৈতিক কর্মকাণ্ডও সংঘটিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, অনেকদিন ধরেই এখানে এসব চলছে। পরিত্যক্ত কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, পরিত্যক্ত ভবনগুলো দ্রুত অপসারণ বা সংস্কার করে ব্যবহারযোগ্য করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকসেবীরা এসব ভবনকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। অনেক সময় তারা হাসপাতালের পেছনের দিক দিয়ে এলেও বেশিরভাগ সময় মূল ফটক দিয়েই প্রবেশ করে। আমরা সেখানে নিয়মিত পুলিশ টহলের জন্য অনুরোধ জানিয়েছি।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংরক্ষিত স্থানে এ ধরনের ঘটনা দুঃখজনক। আমরা অভিযান চালিয়েছি, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একইদিন বিকেল ৩টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকা থেকে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।
