ভারতের বোলিং কোচ হতে যোশির আবেদন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৫:৩১

বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার। যুক্তরাষ্ট্র দলে যোগ দিয়েছিলেন স্পিন বোলিং কোচ হিসেবে। তবে, মার্কিন মুল্লুকে লম্বা সময় ধরে থিতু হওয়ার ইচ্ছা তার নেই। বরং ভারতের স্পিন বোলিং কোচ হতে যান বাংলাদেশেরে কোচিং স্টাফ দলের সাবেক সদস্য সুনিল জোশি।

 

ভারতে অবশ্য লম্বা সময় ধরে কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ নেই। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি দায়িত্বটা পালন করতেন তখনকার প্রধান কোচ অনিল কুম্বলেই। এবার বোলিং কোচের পদের জন্য বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আবেদনও করেছেন জোশি।

 

তিনি আবেদনের সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ আমি বোলিং কোচের পদের জন্য আবেদন করেছি। বাংলাদেশের হয়ে আমি সফলভাবে আড়াই বছর কাটিয়েছি। এখন আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতে লম্বা সময় ধরে কোনো স্পিন বিশেষজ্ঞ নেই। আশা করি আমি এই জায়গায় নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’

আরো পড়ুন : গাবতলী হাটে ৩০ মণ ওজনের সেই ‘টাইগারের’ মৃত্যু

৪৯ বছর বয়সি এই কোচ মনে করেন, ভারতের এখন একজন স্পিন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘দেখেন প্রতিটি আন্তর্জাতিক দলেই কোচিং স্টাফ দলে বোলিং বিশেষজ্ঞ থাকে। সেটা হতে পারে পেস বোলিং কোচ, কিংবা স্পিন বোলিং কোচ। আমি মনে করি ভারতীয় দলেরও এখন সেই পথে হাঁটা উচিত। সেই মানুষটি হতে পারি আমি বা অন্য কেউ।’

 

আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে আসার আগে রঞ্জিতে কোচিং করিয়েছেন। এর আগে তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ১৫ টেস্ট খেলে তিনি নিয়েছেন ৪১ উইকেট, আর ৬৯ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৬৯টি। রঞ্জিতে তিনি কিংবদন্তিতুল্য খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১৬০টি ম্যাচ খেলে নিয়েছেন ৬১৫টি উইকেট।

 

ইত্তেফাক/অনি