চবিতে গোলাম আযমের ব্যঙ্গাত্মক পোস্টার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২১:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ব্যঙ্গাত্মক পোস্টার লাগানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর–সংলগ্ন ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারে গোলাম আযমের মুখে জুতার চিহ্ন আঁকা ছিল এবং নিচে লেখা ছিল, ‘আমাকে জুতা মারুন।’

এ বিষয়ে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান বলেন, সে একজন ঘৃণিত ব্যক্তি। সেই ঘৃণার জায়গা থেকেই হয়তো কোনো শিক্ষার্থী পোস্টারটি লাগিয়েছে। আমি বিষয়টিকে তেমন বড় করে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে না, এটি রাজনৈতিকভাবে উসকানিমূলক। তিনি তো কোনো মহান ব্যক্তিত্ব নন যে তার পোস্টার লাগানো যাবে না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, ‘গতকাল রাতেই কয়েকজন পোস্ট করেছে দেখলাম। আর আজ পোস্টার দেখলাম। বিষয়টি হচ্ছে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কেউ হয়তো এটি করছে। তারা চাইছে আমরা যেন প্রতিক্রিয়া দেখাই। তারা ফাঁদ পাতার চেষ্টা করছে। তবে আমরা সেই ফাঁদে পা দেব না।’

মোহাম্মদ পারভেজ বলেন, ‘এসব বিষয় তো মীমাংসিত। তাদের আদালতে নেওয়া হয়েছে, বিচার হয়েছে। যারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করেছে, তারাই তো আর দেশে নেই।’

এ বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছি। বিশ্ববিদ্যালয়ে ভিন্নমতাদর্শের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এর মাধ্যমে এটুকু প্রমাণ হয় যে চাকসুতে ইসলামী ছাত্রশিবির নেতৃত্ব দেওয়ার পর কোনো রাজনৈতিক মতাদর্শের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না। সব মতের মানুষ তাদের মতাদর্শ প্রচার করবে—এটা তাদের বিষয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, দুষ্কৃতকারীরা ব্যঙ্গাত্মক পোস্টার টানিয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সক্রিয় আছি। তিনি সবাইকে সম্প্রীতি বজায় রেখে সুস্থ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের—এটিকে সুষ্ঠু রাখা আমাদেরই দায়িত্ব।’

 

ইত্তেফাক/এমএসআর