গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২১:৫৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক এনামুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে এবং তাকে হস্তান্তর করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বিকালে ইউপি সদস্য ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি