ইউরোপীয় ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি বায়ার্ন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৪:১৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি। সান্তিয়াগো বার্নাব্যুর ঐতিহাসিক মঞ্চে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে স্পোর্টিং সিপির মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আর্সেনাল।

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার লড়াইটিকে বলা হচ্ছে এই আসরের 'ব্লকবাস্টার' ইভেন্ট। ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন এখন ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ইনজুরির শঙ্কা কাটিয়ে বায়ার্ন শিবিরে ফিরছেন তাদের সবচেয়ে বড় অস্ত্র হ্যারি কেন। এই মৌসুমে ৪০ ম্যাচে ৪৮ গোল করা এই ইংলিশ স্ট্রাইকারকে ছাড়া বায়ার্ন ভাবাই অসম্ভব। জশুয়া কিমিচ তো মজা করে বলেই দিয়েছেন যে, কেন প্রয়োজনে হুইলচেয়ারে বসে হলেও খেলবেন। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা বায়ার্ন বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। গত রাউন্ডে হাই-প্রেসিং ফুটবল খেলে আতালান্তাকে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বায়ার্ন।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার জন্য এবারের মৌসুমটি বেশ অম্লমধুর। লা লিগায় মায়োর্কার কাছে হেরে বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল এখন চ্যাম্পিয়নস লিগেই তাদের শেষ ভরসা খুঁজছে। তবে স্বস্তির খবর হলো দলে ফিরছেন কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহ্যাম। আরবেলোয়া আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে তার খেলোয়াড়রা বড় ম্যাচের গুরুত্ব বোঝেন। পরিসংখ্যান বলছে দুই দল এর আগে ২৮ বার মুখোমুখি হয়েছে যেখানে ১২টি করে জয় নিয়ে সমতায় আছে দুই পক্ষ। তবে গত চারটি নকআউট লড়াইয়ে বায়ার্নকে বিদায় করে শিরোপা জিতেছিল মাদ্রিদই।

লিসবনের অন্য ম্যাচে আর্সেনাল নামছে তাদের হারানো ছন্দ ফিরে পাওয়ার মিশনে। কয়েক সপ্তাহ আগেও কোয়াড্রাপল জেতার স্বপ্নে বিভোর আর্সেনাল সম্প্রতি কারাবাও কাপের ফাইনাল এবং এফএ কাপ থেকে ছিটকে পড়ে বেশ চাপে আছে। তবে চ্যাম্পিয়নস লিগে মিকেল আর্তেতার দল এখনো হট ফেভারিট। আর্সেনালের রক্ষণভাগ বর্তমানে ইউরোপের সেরা। কিন্তু লিসবনের মাঠ আর্সেনালের জন্য কখনোই সহজ ছিল না। পর্তুগিজ ক্লাবগুলোর বিপক্ষে নকআউট পর্বে আর্সেনাল এখনো জয়ের দেখা পায়নি।

স্পোর্টিং সিপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বডো/গ্লিস্টের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরেও দ্বিতীয় লেগে ৫-০ গোলের ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটিয়ে তারা শেষ আটে জায়গা করে নিয়েছে। রুই বোরগেসের দল এই মৌসুমে নিজেদের মাঠে টানা পাঁচ ম্যাচ জিতে রেকর্ড গড়েছে। স্পোর্টিং কোচ বোরগেস জানিয়েছেন যে তারা স্বপ্ন দেখা থামাবেন না এবং সেরা আট দলের মধ্যে নিজেদের প্রমাণ করতে চান।

ইত্তেফাক/জেডএইচ