ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাস মারা গেছেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:১২

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ‘দৈনিক ইত্তেফাক’-এর সংবাদদাতা ও মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস মারা গেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

মনোনেশ দাস দীর্ঘদিন ধরে ইত্তেফাক ছাড়াও দৈনিক জাহানসহ বিভিন্ন গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ইত্তেফাক/এসজেএস