সাভারে মহাসড়ক অবরোধের পর থানায় হামলা অটো চালকদের, পুলিশসহ আহত ৫

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:০৫

সাভারে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিক্সা চালকরা। একপর্যায়ে তারা সাভার হাইওয়ে থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করে। এতে দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে এই অবরোধ এবং হামলার ঘটনা ঘটেছে। এদিকে থানায় হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে আটক করে। 

হামলায় আহতরা হলেন- আরিফুল ইসলাম (৪২), মহসীন ইসলাম (৩২), মোশারফ হোসেন (৪৩), মো. রহমত সরদার (৩০)। এঘটনায় আহত একজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আটকদের নাম পরিচয়ও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে সাভার হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে হাইওয়ে থানায় হামলা চালায়। এঘটনায় বিক্ষোভকারীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে অটো চলাচলের মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২৬শ টাকা করে অটো প্রতি হাতিয়ে নিচ্ছে। এরপরও মহাসড়কে যাত্রী উঠানামা করালে আমাদের গাড়ি আটক করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান আলী বলেন, থানা এবং পুলিশের উপর হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএসআর