শীতলক্ষ্যায় ভেসে এলো যুবকের মরদেহ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

শীতলক্ষ্যা নদীর কার্নিভাল ক্রু ঘাটের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া সংলগ্ন শীতলক্ষ্যা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সর্বশেষ বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে অন্যস্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়ায় আসে। সর্বশেষ বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ময়নাতদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, আরও ৪ থেকে ৫ দিন আগে হত্যার পর ওই যুবকের মরদেহ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে।

ইত্তেফাক/এপি