বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন নানা কারণে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ১২৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে তালিকার শীর্ষে রয়েছে চিয়াং মাই, যার বায়ুমান সূচক ১৭০। দ্বিতীয় অবস্থানে থাকা করাচি–এর স্কোর ১৬৫, তৃতীয় স্থানে হ্যানয়–এর ১৬৩, চতুর্থ স্থানে কায়রো–এর ১৫৬ এবং পঞ্চম অবস্থানে দিল্লি–এর স্কোর ১৪৪।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

