কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে নিউজিল্যান্ডের পর্যটক অবস্থান করা একটি বোটে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে কোস্টগার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন পর্যটকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো তথ্যে জানানো হয়, ৮ এপ্রিল রাতে এ হামলার ঘটনা ঘটেছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনে তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এই ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং চলতি বছরের গত ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেয়।
তিনি আরও বলেন, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, ১৬ জানুয়ারি ২০২৬ ওনাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তবে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত বুধবার রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানকারিরা দক্ষতার সঙ্গে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত পর্যটকরা বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান উল্লেখ করে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উদ্ধার পরবর্তী সময়ে জন এডওয়ার্ড পাডনে বাংলাদেশ কোস্টগার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

