কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪০

কক্সবাজার জেলায় রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো পর্যালোচনার মাধ্যমে প্রত্যাহারের লক্ষ্যে এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এম এ মান্নান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি জেলা কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের মামলার ভুক্তভোগীদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার ও চার্জশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জমা দিতে হবে।

উল্লেখ্য, ৫ এপ্রিল স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি ৭ এপ্রিল জেলা প্রশাসকের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা হয় এবং ৮ এপ্রিল রাত থেকে বিষয়টি জনসমক্ষে আসে।

ইতেফাক/এসজেএস