ফরিদপুরে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭ জন শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহত দুই শিশু হলো—মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীচর এলাকার মো. সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ছেলে আয়াতুল্লাহ (৬ মাস)।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার (৮ এপ্রিল) রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১৮৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১০৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এদিকে, জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ইত্তেফাক ডিজিটালকে বলেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে।

ইত্তেফাক/এএইচপি