ঈদের ৭ দিন
চ্যানেল:আরটিভি
সময়:দুপুর ২টা
মকবুলের সবই ভালো শুধু একটা জিনিস ছাড়া। তাঁর শুধু বাগড়া দেওয়ার অভ্যাস। এলাকায় কোনো নির্বাচনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। সব নির্বাচনে প্রার্থী হিসেবে মকবুল আছে। এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়ে।
এভাবে সব নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেওয়া মকবুলের স্বভাব এবং অনেকটা ব্যবসার মতো। এলাকার এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে মকবুল দাঁড়ায় না। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে।
ফলে বাগড়া দিলেও মকবুল তাঁকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। মূলত ম্যানেজ হওয়ার জন্যই সে বাগড়া বাঁধায়। নিজের দাম বাড়ায়। তারপর এক পর্যায়ে ম্যানেজ হয়ে যায়। বাগড়ার গুরুত্ব অনুযায়ী মকবুলকে খুশি করে দিলেই হাসিমুখে বসে পড়ে সে। মকবুলকে ম্যানেজ করে সবকিছু করতে হয় বলে এলাকায় তাঁর নামই হয়ে যায় ম্যানেজ মকবুল।
মকবুলের ম্যানেজ ব্যবসা ভালোই চলছিল। কিন্তু এক পর্যায়ে এসে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত হতো সেই মকবুলই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে-পড়ে লাগে। কিন্তু কেন?
এ রকম একটি মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। ৭ পর্বের এই নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। ম্যানেজ মকবুল নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এছাড়া আরো রয়েছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ প্রমুখ। নাটকটি প্রচার হবে প্রতিদিন দুপুর ২টায়।
