সম্মান চান মিঠুনরা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৭

জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া এবং তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন নিয়ে হচ্ছে নানান আলোচনা-সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এ সব সমালোচনাকারীদের 'বট বাহিনী' বলে অ্যাখা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তার বিশ্বাস বর্তমানের মতো ভবিষতেও খেলোয়াড়দের পাশে থাকবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। সেসঙ্গে তিনি জানিয়েছেন, ক্রিকেট খেলার বিনিময় সম্মান চান তারা।

গতকাল বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। বর্তমান অ্যাডহক কমিটিকে নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের নিয়ে মিঠুন বলেন, 'এটা আসলে একটা পরিকল্পিত বিষয়, একটা বাহিনী 'বট বাহিনী' বলেও যেটার কথা কিছুদিন আগে শুনেছি। তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে।' 

মূলত গেল কিছুদিন আগে একটি পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবাল বলেছিলেন, যারা সামাজিক যোগাযোগম্যাধমে তাকে নিয়ে সমালোচনা করেন, তাদের মধ্যে বেশির ভাগই 'বট বাহিনী'। সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুনকে নিয়েও হচ্ছে নানান আলোচনা-সমালোচনা। তবে এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন কোয়াব সভাপতি। বলেন, 'আমি আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব একটা চিন্তিত না। এখন আপনাদের সাথে একটু বেশি কথা বলতে হয়। প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে হয়। যাই হোক না কেন সমস্যা কী। প্লেয়ারদের তো উপকার হচ্ছে। প্লেয়ারদের নিয়ে কথা বলতে গেলে যদি কারও কষ্ট হয় হোক, সেই কষ্ট নিয়ে আমার কোনো দুঃখ নাই।'

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, 'বুলবুল ভাই অনেক দিক বোর্ডে ছিলেন। উনিও কখনো প্লেয়ারদেরকে অসম্মান করে কোনো কথা বলেন নাই। আমার মনে হয় এই প্র্যাকটিসটাই হওয়া উচিত। সবাই সবাইকে সম্মান করা উচিত।' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ইস্যুতে সাবেক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে হয়েছিল নানান আলোচনা-সমালোচনা। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, 'এই পয়েন্টে কথা বলতে গেলে আমার ভিউ এটা, সবারই সম্মান আছে। প্লেয়ারদেরও সম্মান আছে। যিনি প্লেয়ারদেরকে ছোট করেছেন তারও সম্মান আছে। প্রত্যেককে আমাদের সম্মান করা উচিত। কাউকে চোখ করে কথা বলা উচিত না।' সেসঙ্গে তামিম ইকবাল বোর্ডের দায়িত্বে এসেই খেলোয়াড়দের ঘরোয়া ম্যাচ ম্যাচ ফি বাড়ানো নিয়ে মিঠুন বলেন, 'দেখুন এটা স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো আমাদের অনেক বছরের চাওয়া ছিল।'

ইত্তেফাক/জেডএইচ