প্রচ্ছদ তারকা
কাপসং থেকে...
অবন্তী সিঁথির শুরুটা হয়েছিল একেবারে ঘরোয়াভাবে। হাতের কাছে যা কিছু পেয়েছেন তা দিয়ে সুর-তাল তৈরি করে গান গেয়ে তার ভিডিও আপলোড করাটাই ছিল অন্যতম শখ। কে জানতো এই দারুণ ব্যতিক্রমী শখটাই তাঁর জীবন বদলে দেবে। যদিও এই আইডিয়াটা ভিনদেশি মিউজিশিয়ানের কাছ থেকেই তাঁর পাওয়া। তা অকপটেই স্বীকারও করেন অবন্তী সিঁথি। তবে সেই ভাবনাটা নিজের ভেতরে আনলেও ‘কাপসং’ তৈরির ক্ষেত্রে নিজস্ব একটি ঢঙ তুলে ধরেছেন সিঁথি। এভাবে নিজের গান পোস্ট করতে করতেই হঠাত্ সবার নজরে। অর্থাত্ ভাইরাল হয়ে গেল তাঁর গাওয়া গান। এদিকে সেই সাফল্যের জের ধরেই কলকাতার একজন শুভাকাঙ্ক্ষির মাধ্যমে সারেগামাপাতে পারফর্ম করা। সেখানেও নজর কাড়েন অনায়াসেই। নিজের মৌলিক গান থেকে শুরু করে জনপ্রিয় গানগুলো অবন্তী সিথি তাঁর বিশেষ মুন্সিয়ানায় উপস্থাপন করার কারণেই দর্শক চোখকে অবাক হয়েছে। প্রশংসা পেয়েছে তাঁর গান সব মহলে। সেই রিয়েলিটি শো’র ফলাফল যাই হোক না কেন, অবন্তী সিঁথি দেশীয় শ্রোতা-দর্শকদের নজর কেড়েছেন খুব দ্রুত। নিজের মেধা-যোগ্যতাকে কাজে লাগিয়ে শুধু কাভার সং নয় , মৌলিক গান নিয়েই সবার মাঝে থাকতে চান তিনি। এরই ভেতরে দেশ-বিদেশে স্টেজ শো মাতিয়েছেন। নিঃসন্দেহে ২০১৯ অবন্তী সিঁথির ক্যারিয়ার ক্যালেন্ডারের অন্যতম বছর। তাঁর তারকা জীবনে প্রবেশের বছর।
