প্রচ্ছদ তারকা
অপেক্ষায় ...
ছবি সংখ্যা একাধিক। কিন্তু কোথায় যেন সফলতার চাঁদতারা ধরা দিচ্ছে না। ক্রিটিকরা তবুও বলছেন রোশানের রয়েছে অপার সম্ভাবনা। কারণ তার লুক, ফাইট-ড্যান্সে পারদর্শিতা। সবই একেবারে ফিল্মি। তাই হয়তো সুসময় গুনছেন তিনি। ঢালিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস অভিনেতা জিয়াউল রোশানের সিনেমায় আসাটাই তো ঠাট্টার চলে। তবে এসেই নজর কেড়েছেন সবার।
২০১৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘রক্ত’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তাঁর। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পরীমনি। সেটাতে বাজিমাত করেছেন তিনি। এরপর জাজ মাল্টিমিডিয়ার সহযোগিতা পেয়ে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে নেন তিনি। এরপর ধ্যাত্তেরিকি, ককপিট, বেপরোয়াসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সবগুলো সিনেমা সফল না হলেও অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন ঠিকই।
এই ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘বেপরোয়া’। এই ছবিতে ভিন্ন লুকে হাজির হচ্ছেন রোশান। ছবিটিতে নায়িকা ববির সঙ্গে দেখা যাবে রোশানকে। অ্যাকশন-রোমান্টিক লুকে দর্শকের মাঝে সাড়া জাগাবে ছবিটি। এমনটাই মনে করেন তিনি। তবে সব পাশে রেখে আপাতত সিনেমা নিয়েই দৌড়াতে চান রোশান।
