অবশেষে ১০ নভেম্বর থেকে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা লাইনে সরাসরি দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর দ্রুতযান/একতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ট্রেনটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করবে সকাল ৭টা ২০ মিনিটে এবং পীরগঞ্জ রেল স্টেশনে পৌঁছবে সকাল ৮টা ৫০ মিনিটে। এখানে আন্তঃনগর ট্রেনকে স্বাগত জানানোর জন্য পূর্ব থেকেই অপেক্ষমাণ রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী এমপি সমবেত শতশত উত্ফুল্ল জনতার উদ্দেশে বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির ফসল আজকের এই ডুয়েল গেজ লাইন ও আন্তঃনগর ট্রেন। তিনি ঠাকুরগাঁও ও পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের এ দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলমও জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।
