পঞ্চগড়ে মুদি দোকান থেকে মজুত করা ডিজেল জব্দ

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৯:২৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার সংলগ্ন ‘কামরুল ইসলাম ময়নার বাড়ির মুদির দোকানে’ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফিস আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, এতে ওই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর জব্দ করা ডিজেল রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়। এ সময় পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের এক দল সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফিস আলী জানান, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই তার মুদির দোকানে ডিজেল মজুত করে আসছিল। সেই মোতাবেক অবৈধ ডিজেল জব্দ করে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি