মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই ঘটনা ঘটেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফিয়ে নামতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
মাসুদ হোসেন নামের এক বাসযাত্রী বলেন, বাসে ওঠার পর থেকেই শুনেছি চালক, হেলপার ও সুপারভাইজার আস্তে আস্তে কথা বলছেন। তারা বলেন, হালকা হালকা গন্ধ পাচ্ছি। এরপরই এই ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, গাড়িতে আগুন লাগার পর গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়েন। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, পথে একটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত একটি ক্লিপ খোলা থেকে যায়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
