ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় পেলেন মসজিদের খাদেম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২০:৩৩

লক্ষ্মীপুরের রায়পুরে ২০ বছর কর্মজীবন শেষে মো. মুসলিম (৭০) নামে মসজিদের এক খাদেমকে ঘোড়ার গাড়িয়ে চড়িয়ে রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নতুন পোশাক পরিহিত খাদেমকে সাজানো গোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

খাদেম মুসলিম রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা। তিনি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম ছিলেন। 

বিদায়ের মুহূর্তে মুসলিম আবেগাপ্লুত হয়ে পড়েন। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখে ছিল অশ্রু। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসা যেন জমাট বাধে বিদায়ের সময়।

খাদেম মো. মুসলিম বলেন, সবসময় মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতার কারণে এখন কাজ করতে পারছি না, এজন্য বিদায় নিতে হয়েছে। মসজিদ কমিটি আমাকে সম্মান দেখিয়েছেন।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, মুসলিম ২০ বছর ধরে এ মসজিদে খাদেম হিসেবে কাজ করেছেন। সবসময় মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন তিনি। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার প্রিয় ছিলেন।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, চেষ্টা করেছি মুসলিমকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানি তুলে দিয়েছি। মসজিদ কমিটি সবসময় তার পাশে থাকবে।

ইত্তেফাক/এমএসআর