পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারে অবস্থিত ‘মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভ্রাম্যমাণের আদালতের অভিযানে একজন ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমিত্রা সিনহা।
শাস্তিপ্রাপ্তরা হলেন- ওই ক্লিনিকের মালিক মনির হোসেন এবং ভুয়া চিকিৎসক পি.সি. বর্মনকে। এর মধ্যে মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানাসহ ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাছাড়া পি.সি বর্মনকে বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, অভিযান চলাকালে ক্লিনিকটিতে বিভিন্ন অনিয়ম এবং অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় বিশেষ করে সেখানে ভুয়া চিকিৎসক দ্বারা রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। অভিযানে প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রতারণারোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

