শুরু হলো ‘আমার আইডি, আমার নিরাপত্তা’ ক্যাম্পেইন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ও সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা তৈরিতে নতুন ক্যাম্পেইন ‘আমার আইডি, আমার নিরাপত্তা’র যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ব্ল্যাকবোর্ড ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) যৌথ প্রযোজনায় গতকাল বনানীর যাত্রা বিরতি রেস্তোরাঁয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাফের সভাপতি জেনিফার আলম, ফ্যাশন ব্লগারদের সংগঠন ম্যাবের প্রতিষ্ঠাতা সদস্য নম্রতা খান, মডেল আজরা মাহমুদ, ক্যাম্পেইনের আহ্বায়ক শাখাওয়াত আলম রনো ও প্রযুক্তি বিশেষজ্ঞ সাইমুম রেজা পিয়াস।

অনুষ্ঠানে ক্রাফের সভাপতি জেনিফার আলম বর্তমান সময়ে সামজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন হয়রানিমূলক ঘটনা তুলে ধরেন, সেই সঙ্গে ক্রাফ সেক্ষেত্রে কী ভূমিকা পালন করছে সে বিষয়ে বক্তব্য রাখেন। এরপর ফ্যাশন ব্লগারদের পক্ষ থেকে ম্যাবের প্রতিষ্ঠাতা সদস্য, গ্লিটজ অ্যান্ড গ্লিটারজ ও হিজাবিয়াস্তা ফ্যাশনিয়াস্তার কর্ণধার নম্রতা খান বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান সময়ে এমন অনেক মেকআপ আর্টিস্ট আছেন যারা তাদের অধিকাংশ কার্যক্রম অনলাইনে চালিয়ে থাকেন। তাদের জন্য এটি একটি বড়ো হুমকি। তিনি আরো বলেন, ব্ল্যাকবোর্ডের মতো এমন সচেতনতামূলক পদক্ষেপ সত্যিই অনেক দরকার ছিল এবং শুরু থেকেই এ ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পারছি, এজন্য নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি।’

আমার আইডি, আমার নিরাপত্তা ক্যাম্পেইনের উদ্দেশ্য সংক্রান্ত বক্তব্য রাখেন ক্যাম্পেইনের আহ্বায়ক ও ব্ল্যাকবোর্ডের সদস্য শাখাওয়াত আলম রনো। ক্যাম্পেইনটিকে সফল করতে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সাইবার হ্যারেজমেন্ট থেকে সবাই মুক্ত থাকতে সব রকম সহযোগিতা করবে ব্ল্যাকবোর্ড।