আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে আমাদের কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমে গেছে। আশা করছি- দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
