‘নারীদের বিপিএল’ চান রুমানা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০৩

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। বিপিএল নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনে। ফ্র্যাঞ্চাইজিরাও দৌড়-ঝাঁপ করছেন। ঠিক এমন সময়ে নারী ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-২০ লিগ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ। দেশের নারী ক্রিকেটের উন্নতির জন্য ছোটো আকারে হলেও এই লিগ আয়োজনে এগিয়ে আসতে  বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের প্রতি আহ্বান জানান তিনি।

গত মৌসুম থেকে ঘটা করে আইপিএলের আদলে নারীদের টি-২০ লিগ চালু করেছে ভারত। যেখানে খেলেছেন বাংলাদেশের ডানহাতি পেসার জাহানারা আলম। এবার বাংলাদেশেও এমন টুর্নামেন্ট চান অলরাউন্ডার রুমানা।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের রুমানার আহ্বান ছিল এমন, ‘গতবছর আমরা ভারতকে দেখেছি যে ওরা তিনটা দল নিয়ে টুর্নামেন্ট খেলেছে। এবছর ওরা আটটা দল নিয়ে শুরু করবে, ওদের লক্ষ্য আস্তে আস্তে বড়ো হচ্ছে। ওরা কিন্তু বিশ্বের ২-৩ নম্বরে আছে। এগুলা যদি আমরা ছোটো ছোটো করে শুরু করতে পারি তাহলে আমরাও একটা র?্যাঙ্কিংয়ে যেতে পারি।’

ভালো মানের ক্রিকেটার দিয়ে অন্তত চারটি দল গঠনের মতো নারী ক্রিকেটার বাংলাদেশে আছে বলে জানালেন রুমানা। নারী ক্রিকেটে বিপিএলের আদলে টি-২০ লিগ আয়োজন এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি। গতকাল রুমানা বলেছেন, ‘আমাদের আগে বলা হতো যে মেয়েরা নাই, মেয়েদের দল গঠন করার মতো নেই। এবারও আমরা প্রিমিয়ার লিগে ১২টা দল নিয়ে খেলেছি, এখান থেকে যদি আমরা খুব ভালো করে ভেঙে করলেও চারটা দল হবে। আমার আহ্বান থাকবে খুব শিগগিরই যারা আমাদের অফিসিয়াল আছেন তারা যেন এটা নিয়ে ভাবেন।’

বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এমন আয়োজন প্রয়োজন। রুমানা গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এশিয়া কাপ যেহেতু নিয়ে আসতে পেরেছি, আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর। বিশ্বকাপ জেতার চিন্তাও আমরা করতে পারি। আমরা যদি ছোটো ছোটো করে এগুতে থাকি তাহলে ছেলেদের সঙ্গে সঙ্গে নারীদের ক্রিকেটটাও অনেকদূর এগিয়ে যাবে।’

চলতি বছরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জানিয়ে আক্ষেপ করেছেন রুমানা। গতকাল সাংবাদিকদের প্রতিও দাবি জানিয়েছেন রুমানা। তিনি বলেছেন, ‘আপনাদের কাছেও আমাদের একটা দাবি, আপনারা যত আমাদের নিয়ে প্রচারণা করবেন, তত আমরা এগিয়ে যাবো।  আমরা যে ইমার্জিং দল নিয়ে গিয়েছি সেটা নিয়ে বেশি হই-হুল্লা নেই। ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে যেটা হয়। আমাদের ইমার্জিং টিম এবং ‘এ’ টিম নিয়ে যে ক্যাম্প হলো, এটা আমাদের প্রথমবার।’

যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সফলতার খবর ভালোভাবেই দেশের গণমাধ্যমে প্রচার হয়েছিল।