চাকরি হারাচ্ছেন মিকি আর্থাররা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০৪

 স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফ দলে আমূল পরিবর্তন আসছে। কোচদের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের কথা গতকাল বুধবার সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে চাকরি হারাচ্ছেন প্রধান কোচ মিকি আর্থার, বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্র্যান্ট লুডেন।

গেল শুক্রবার পাকিস্তান ক্রিকেট দলের প্রধান তিন নিয়ন্ত্রক— অধিনায়ক সরফরাজ আহমেদ, কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হককে ডেকে পাঠিয়ে লম্বা সময় বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটি। এই বৈঠকে মূলত গেল চার বছরে দলের পারফরম্যান্স নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ হয়েছে।

বৈঠকটা মোট চার ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান। বৈঠকে একে একে সরফরাজ, ইনজামাম ও আর্থার নিজেদের মতামত দিয়েছেন। ক্রিকেট কমিটির সদস্যদের কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন এই তিন জন। কমিটিতে আছেন সাবেক দুই অধিনায়ক মিসবাহ উল হক, ওয়াসিম আকরাম। আরো আছেন উরুজ মুমতাজ জাকির খান ও মুদাসসর নজর।

তারা বৈঠক থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে জানিয়েছেন। আর এই দুই পক্ষের মধ্যে আলোচনা থেকেই চূড়ান্ত হয়েছে যে, এই কোচিং প্যানেল আর চলছে না। মানি বলেন, ‘পিসিবির পক্ষ থেকে আমি মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, গ্র্যান্ট লুডেন ও আজহার মেহমুদকে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তান দলের হয়ে নিজেদের মেয়াদে তারা যথেষ্ট পরিশ্রম করেছেন।  আমি তাদের সাফল্যমণ্ডিত ভবিষ্যতের প্রত্যাশা করি।’

পিসিবির সিদ্ধান্তে আশাহত হয়েছেন আর্থার। এই দক্ষিণ আফ্রিকান বলেন, ‘আমি সত্যিই আশাহত হয়েছি। আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য নিজের চেষ্টার কোনো কমতি রাখিনি।’ যদিও, খুব সম্ভবত আর্থারকে খুব বেশিদিন চাকরি শূন্য থাকতে হবে না। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের কোচ হওয়ার লড়াইয়ে জোরেসোরেই আছেন তিনি।

পিসিবি প্রধানের কথায় একটা ব্যাপার পরিষ্কার যে পিসিবির ক্রিকেট কমিটি নেতৃত্বের পরিবর্তনের ব্যাপারেও সুপারিশ করেছে। ফলে, সরফরাজ আহমেদের দায়িত্বে থাকা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মানি বলেন, ‘কমিটি আমাদের সুপারিশ করেছে যে, এখন নতুন নেতৃত্বের সময় চলে এসেছে। আমাদের এখন নতুন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি ক্রিকেট কমিটির সুপারিশগুলো সানন্দে গ্রহণ করেছি।’  তবে, প্রধান নির্বাচক ইনজামাম উল হকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যাপারে মানি কোনো কিছু খোলাসা করেনি।

ওয়াকার ইউনুসের বিদায়ের পর ২০১৬ সালের মে মাসে মিকি আর্থারকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল পিসিবি। এরও দুইবছর আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। কোচিং প্যানেলে আজহার মেহমুদের অন্তর্ভুক্তি হয় ২০১৬ সালের নভেম্বরে।

আর্থারের অধীনে পাকিস্তান ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। তার অধীনেই টি-টোয়েন্টি ও টেস্টের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল দলটি। যদিও, সর্বশেষ বিশ্বকাপে সেই সাফল্যের ধারাবাহিকতা আর্থাররা ধরে রাখতে পারেননি। যদিও, পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। যদিও, রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।

চলতি মাসের শেষেই এই চার কোচের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পিসিবি তাদের মেয়াদ আর না বাড়িয়ে নতুন কোচ চেয়ে শিগগিরই বিজ্ঞাপন দেবে।