বিশ্বকাপ বাছাইপর্ব
স্পোর্টস রিপোর্টার
২০২০ সালের মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ নারী বিশ্বকাপ। ঐ আসরের জন্য বাছাইপর্ব অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। আট দলের অংশগ্রহণে চলতি বছরের ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাছাইপর্ব। এই টুর্নামেন্ট থেকে দুইটি দল বিশ্বকাপের মূল পর্বে উন্নীত হবে। গত আসরের মতো এবারও বাছাইপর্ব উতরে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে।
বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস অংশ নিবে। বিসিবির সিনিয়র কোচ ও নারী দলের টিম অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম আশা প্রকাশ করেছেন, এবারও বাছাইপর্বের বাধা পার হয়ে টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিবে বাংলাদেশ।
গতকাল মিরপুর স্টেডিয়ামে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, বাছাইপর্বের জন্য নারী দলের ক্যাম্প শুরু হবে আজ। ক্যাম্পের প্রথম দিনে ফিটনেস টেস্টের পর ঘোষণা করা হবে চূড়ান্ত বাংলাদেশ নারী দল।
বাছাইপর্বে অংশ নিতে আগামী ১৫ আগস্ট দেশ ছাড়বে নারী দল। ঢাকা থেকে সরাসরি নেদারল্যান্ডসে যাবেন জাহানারা-রুমানারা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে স্বাগতিক নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিরুদ্ধে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। তারপরই স্কটল্যান্ডে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ।
বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই দল গড়ছে বাংলাদেশ। গতকাল নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘ওখানে শক্তিশালী দল বলতে আয়ারল্যান্ড আছে। গতবারও এটা আমরা খেললাম হল্যান্ডে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার ধারণা গতবারের তুলনায় এবার আমাদের দল আরো শক্তিশালী। দুইটি দল যেহেতু এখানে কোয়ালিফাই করবে আমাদের এখানে আশা করা উচিত যে আমরা ভালো করব।’
বারবার বাছাইপর্ব খেলাটা দুঃখজনক বলে উল্লেখ করেন বিসিবির এই বর্ষীয়ান কোচ। গত টি-২০ বিশ্বকাপে কোনো ম্যাচ না জেতার কারণেই এবারও বাছাইপর্ব খেলতে হচ্ছে রুমানাদের। নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘এটা খুব দুঃখজনক। গতবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও একটা দল বিশ্বকাপে এমন করল এটা দুঃখজনক।’
বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে শিগগিরই। গতকাল বিসিবির এই অভিজ্ঞ কোচ বলেছেন, ‘আমাদের দুই একজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে চিন্তা আছে। আমরা কালকের (আজ) মধ্যে ফিটনেস পরীক্ষা নিয়ে দুই একদিনের মধ্যে জানাতে পারব ১৫ জনের দল কি হবে।’
নারী দলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আজই। বিকেএসপিতে ১০ ও ১১ আগস্ট দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নারী ক্রিকেটাররা। যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ বালক দল। বাছাইপর্বের আয়োজক দেশ স্কটল্যান্ডে যাওয়ার আগে নেদারল্যান্ডসে চলবে প্রস্তুতি ক্যাম্প। নাজমুল আবেদীন ফাহিম গতকাল বলেছেন, ‘নেদারল্যান্ডসে দশদিনের একটি প্রস্তুতি ক্যাম্প হবে। নেদারল্যান্ডসে আমরা চারটি প্রস্তুতি ম্যাচ খেলব। এরপর আমরা স্কটল্যান্ডে যাব, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা।’
এদিকে দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং নারী দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। প্রোটিয়াদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-২০ তে ২-০ তে হেরেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।
