এএফসি কাপ
স্পোর্টস ডেস্ক
আবাহনী ঘরোয়া ফুটবল মৌসুম শেষ করলেও এখনই বিশ্রামে যেতে পারছে না। কারণ তাদের এএফসি কাপের জোনাল সেমিফাইনালকে সামনে রেখে জোর প্রস্তুতি নিতে হচ্ছে।
নক আউট পর্বের জোনাল সেমিফাইনালে আকাশি-হলুদ দলের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ। ২১ আগস্ট বঙ্গবন্ধুু জাতীয় স্টেডিয়ামে কোরিয়ান ক্লাবটিকে স্বাগত জানাবে আবাহনী। ২৮ আগস্ট পিয়ং ইয়ংয়ে হবে ফিরতি লড়াই।
কোরীয় ক্লাবটির বিরুদ্ধে লড়তে মাঠের অনুশীলনের পাশাপাশি দলকে শক্তিশালী করতে আরো দুই বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে আবাহনী। বিশেষ করে আফগান ডিফেন্ডার মাসীহ সাইঘানী লিগ মৌসুম শেষেই দল ছেড়ে যাওয়ায়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়টি চলে যাওয়ায় যে ঘাটতি দেখা দিয়েছিল তা পূরণে মিসরীয় ডিফেন্ডার আলায়েলদিন নাসর ইসা ও দক্ষিণ কোরীয় মিডফিল্ডার লি তাএ মিনকে এনেছে পেশাদার লিগের গতবারের চ্যাম্পিয়নরা।
গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আক্রমণভাগে সানডে চিজোবা, নাবিব নওয়াজ জীবনরা ধারাবাহিকভাবে পারফরম করলেও রক্ষণভাগ কিছুটা দুশ্চিন্তাই বয়ে এনেছে আবাহনীর জন্য।
শিরোপাজয়ী বসুন্ধরার কাছে লিগের দুই ম্যাচে চার গোল হজম আর মোহামেডানের কাছে শেষ দিকে ৪-০ গোলের হারই দলটিকে শিরোপার দৌড় থেকে ছিটকে দিয়েছিল। এর ওপর তাদের আফগান ডিফেন্ডার সাইঘানী লিগ মৌসুম শেষেই চলে গেছেন।
বলা হচ্ছে এর আগে মালদ্বীপের দল টিসি স্পোর্টস ক্লাবে খেলা ইসার খেলার ধরন কিছুটা সাইঘানীর মতোই। রক্ষণের পাশাপাশি প্রতিপক্ষের বক্সে ত্রাস ছড়াতেও পারদর্শী তিনি। মিসরীয়টির উচ্চতা ও মাথার ব্যবহার দলের রক্ষণাত্মক স্থিতি দিতে বড়ো ভূমিকা রাখবে বলে আশা করছেন আবাহনীর কোচ মারিও লেমোস।
পর্তুগীজ এই কোচ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইসা আর লি কে চূড়ান্ত দলে রেখেই সেমিফাইনাল প্লে অফের জন্য চূড়ান্ত তালিকা পাঠিয়েছি আমরা। ইসার উচ্চতা ভালো এবং মস্তিষ্কের ব্যবহারও ভালোই জানে, আর তাই আমরা তাকে উঁচু হয়ে আসা বলগুলো রুখে দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। সে সাইঘানীর মতোই খেলে। আমি মনে করি, তার অন্তর্ভুক্তি রক্ষণাত্মক সমস্যা সমাধানে সাহায্য করবে।’
এদিকে কোরীয় লি বাংলাদেশে নতুন। ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার হিসেবে খেলার অভিজ্ঞতাও আছে তার। তবে দলের কোচ লেমোসের আশা, শিগগিরই মানিয়ে নিয়ে দলের রক্ষণভাগেও অবদান রাখতে পারবেন তিনি।
লেমোসের ভাষ্য, ‘লি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে যদি ভালো ফল পেতে হয় তবে এদের দুই জনকে ভালো খেলতে হবে কেননা তাদের বিপক্ষে রক্ষণভাগকে নিখুঁত রাখতে হবে আমাদের।’
আগামী শনিবার ১০ আগস্ট ঈদের ছুটিতে যাবেন খেলোয়াড়রা। চার দিনের এই ছুটি শেষে প্রতিযোগিতাটির জন্য আবারও অনুশীলনে নামবে আবাহনী।
