কোচ জিনেদিন জিদানের কাছ থেকে আবারও উপেক্ষার শিকার হলেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ গতকাল বুধবার রেড বুল সালসবুর্গের বিরুদ্ধে প্রীতি ম্যাচটির জন্য রিয়াল কোচ জিদান তাকে দলে নেননি। এ নিয়ে টানা তিন খেলায় উপেক্ষিত হলেন বেল। এখন পর্যন্ত রিয়াল যে পাঁচটি প্রাক মৌসুম ম্যাচ খেলেছে তাতে দুটিতে ছিলেন ওয়েলশ ফরোয়ার্ড। তাও আবার আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলাদুটিতে তিনি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। অস্ট্রিয়ায় গত রাতের খেলাটির জন্য দলে জায়গা হয়নি হামেস রদ্রিগেজ এবং মারিয়ানো দিয়াজেরও। উভয় খেলোয়াড়কেই বিক্রির চেষ্টা করছে রিয়াল। জিদান অবশ্য বেলের ব্যাপারে কোনো রাখডাক না করেই ইতিপূর্বে বলে দিয়েছেন গেল মৌসুমটি বাজে কাটানোর পর তিনি রিয়ালকে একেবারেই ঢেলে সাজাবেন।
