সুন্দরবনে নৌকাডুবি

গাছের পাতা খেয়ে ৭ দিন কাটিয়েছে তিনজন, এখনো নিখোঁজ ১

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫২

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে রায়মঙ্গল নদীসংলগ্ন কাচিকাটা নামক এলাকায় প্রবল ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার নিখোঁজ মৌয়ালের মধ্যে তিনজন উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তারা জানিয়েছেন, সপ্তাহজুড়ে গাছের পাতা খেয়ে সুন্দরবনে তাদের দিন কেটেছে। 

তবে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ চার মৌয়ালের মধ্যে আকবর মোল্লাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বাকি তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- সোরা গ্রামের ওহিদ মোল্যার ছেলে অলিয়ার রহমান, আইয়ুব গাজীর ছেলে ইকরামুল কবির ও আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল গাজী।

কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ ও হলদিবুনিয়া টহাল ফাঁড়ির ওসি আনোয়ার হোসেন জানান, সাত দিন পর টানা অভিযান চালিয়ে চার মৌয়ালের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মহাসিন মোল্লার ছেলে আকবর মোল্লাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে উদ্ধার হওয়া মৌয়ালরা মুঠোফোনে জানান, দীর্ঘ সাত দিন ধরে সুন্দরবনের কেওড়া গাছের কচি পাতা ও হেতালী খেজুরের মাথা খেয়ে তারা সুন্দরবনে দিন কাটিয়েছেন। পরে বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আট মৌয়ালের মধ্যে মোট ৭ মৌয়ালকে উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ এক মৌয়ালকে উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত গত ৮ এপ্রিল বিকেলে আটজন মৌয়াল ঝড়ের কবলে পড়েন। সেখান থেকে চারজন নিখোঁজ হন। এরপর বুধবার পর্যন্ত সাতজনকে উদ্ধারের তথ্য জানায় বনবিভাগ। 

ইত্তেফাক/এপি