টেকনাফে ৩ রোহিঙ্গা যুবককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:২১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় হাতির আক্রমণ থেকে রক্ষায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির।এর আগে বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প সংশ্লিষ্টরা।

অপহৃতরা হলেন, টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের শফিক আলম, মোহাম্মদ জয়নাল ও শাহ আলম।

চাকমারকুল ক্যাম্পের মাঝি আহমেদ উল্লাহ জানান, বুধবার ভোররাতে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত তিনজন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেত হাতির আক্রমণ থেকে রক্ষায় রাত্রিকালীন পাহারায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। ডিউটিরত আরও দুইজন রোহিঙ্গা ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বিষয়টি ব্লক মাঝিকে জানান। পরে তিনি এপিবিএন পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির জানান, চাকমারকুল ক্যাম্পের তিন রোহিঙ্গা অপহরণের শিকার হয়েছে বলে বিষয়টি আমরা জানার পরে, বিষয়টি খুঁজ খবর নেওয়া হয়। এবং তাদের উদ্ধারে অভিযান চলমান।

ইত্তেফাক/এপি