উখিয়া সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের                   

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:২৫

উখিয়া সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ বিস্ফোরণে মোহাম্মদ ইউনুছ (২৬) নামের এক রোহিঙ্গা যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-১৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি এবং সীমান্ত এলাকায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে।’

আহত ইউনুছ উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-২ ব্লকের বাসিন্দা সবুর হকের ছেলে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে, এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১৭ দিনের ব্যবধানে উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল-মাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা পা হারাল।

ইত্তেফাক/এসএইচ/এএম